Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩১ জুলাই ২০২৬ ২৩:২০

সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

কুমিল্লা: প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে একাত্তর টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লা–এর সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু।

১৭টি পদের বিপরীতে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ প্রচারণা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফলে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পান ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসান পান ৩০ ভোট।

এ ছাড়া প্রথম সিনিয়র সহসভাপতি পদে সাদিক হোসেন মামুন (৪২ ভোট), দ্বিতীয় সিনিয়র সহসভাপতি পদে তাওহীদ হোসেন (মিঠু) (৪২ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবীর জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসাইন আকাইদ (৩৬ ভোট), অর্থ সম্পাদক পদে শাহআলম শফি (৫১ ভোট), দফতর সম্পাদক পদে ওমর ফারুকী তাপস (৩৪ ভোট), বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আসিফ হোসেন মান্না (৩৪ ভোট) এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দিলীপ মজুমদার (৩৫ ভোট) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাকারিয়া মানিক (৫৫ ভোট), রফিকুল ইসলাম খোকন (৫১ ভোট), ইয়াসমিন রীমা (৪৯ ভোট), খালেদ সাইফুল্লাহ (৪৪ ভোট) এবং আনোয়ার হোসেন (৩৮ ভোট)।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ কুমিল্লা প্রেসক্লাবকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।