Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৮:৩৫

জব্দ করা ট্রাকের যন্ত্রাংশ

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের ২৯১ পিস যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকা থেকে এসব যন্ত্রাংশ জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

এসময় মামুন এন্টারপ্রাইজের একটি গোডাউনের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের ২৯১ পিস যন্ত্রাংশ জব্দ করা হয়। উদ্ধারকৃত যন্ত্রাংশের আনুমানিক স্থানীয় বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ঘটনায় জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, এর আগে গত ২১ জুন একই উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় পরিচালিত এক অভিযানে একটি বাংলাদেশি ট্রাকে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছিল।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর