Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় স্বাস্থ্যকর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৮:৫৯ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৯:০০

হাসপাতাল পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী।

গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালে মজুত থাকার পরও এক রোগীকে জলাতঙ্কের ভ্যাকসিন (অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন) না দেওয়ার অভিযোগে এক কর্মীকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ করেই ওই হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পরিদর্শনকালে শামসুন্নাহার নামে কুকুরে কামড়ানো এক রোগী স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন যে তাকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়নি। হাসপাতালে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও দায়িত্বরত স্বাস্থ্যকর্মী তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বলেন। পরে তিনি ১ হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনেন।

বিজ্ঞাপন

রোগীর অভিযোগ শুনে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দকে ফোন করে এ ঘটনায় দায়ী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) হেদায়েতুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। সেইসঙ্গে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিল্লুর রহমানকে সতর্কবার্তা (ওয়ার্নিং লেটার) দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

পরে মন্ত্রী মৌখিকভাবে অভিযুক্ত চিকিৎসা সহকারীকে রোগীর ১ হাজার ৩০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন এবং টাকা পরিশোধ করলে তাকে আর সাময়িক বরখাস্ত করা হবে না বলেও জানান।

এ বিষয়ে জানতে চাইলে ডা. মাসুদার রহমান আকন্দ বলেন, ‘কুকুরে কামড়ানো একজন রোগী হাসপাতালে এসেছিলেন। আমরা সাধারণত অফিস চলাকালে এই অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন রোগীদের বিনা মূল্যে দিয়ে থাকি। কিন্তু ওই রোগী এসেছিলেন বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে। পরের দিন ছিল শুক্রবার (৩১ জুলাই), অফিস বন্ধ। যেহেতু এই ভ্যাকসিন দ্রুত দিতে হয়, তাই রোগীকে পরামর্শ দেওয়া হয়েছিল বাইরে থেকে কিনে আনলে আমরা সেটি পুশ করে দেব।’

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে, গত ২৫ জুলাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন মন্ত্রী। এছাড়া চলতি বছরের শুরুতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর