পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় গণপিটুনিতে মানিক হোসেন ওরফে সুমন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একটি মুদি দোকানে চুরির সময় দোকানমালিক ও তার দুই ছেলেকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করার অভিযোগে গণপিটুনিতে নিহত হন তিনি।
সোমবার (৩ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক হোসেন ওরফে সুমন সাহাপুরের মহাদেবপুর এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ঠান্ডাতলা গ্রামের হাবিবুল ইসলামের মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মানিক ওরফে সুমন। দোকানের পাশেই হাবিবুলের বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে তিনি বাইরে বের হয়ে চোরকে আটকানোর চেষ্টা করেন।
এ সময় সুমন তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে দোকানমালিক হাবিবুলকে এলোপাতাড়ি কোপ দেন। হাবিবুলের চিৎকার শুনে তার দুই ছেলে এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন সুমন।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত হাবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে তদন্ত চলছে।