ফরিদপুর: জেলায় ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র সোয়াদ মোল্যা (১৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই সহপাঠী তামিম ও শাওন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর আখ সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়াদ হাট গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের মিজানুর রহমান মোল্যার ছেলে। সে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠীরা জানায়, দুপুর দেড়টার দিকে স্কুল ছুটির পর তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়। বিকেলে ফরিদপুর শহর থেকে ফেরার পথে কানাইপুরের একটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই সোয়াদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কানাইপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত ও তার দুই সহপাঠী আহত হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।