পাবনা: জেলার বেড়া উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই কিশোর সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং তারা দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজরা হলো- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে শ্রী বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে শ্রী প্রভাত সরকার (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় আত্মীয় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুর ১২টার দিকে তারা বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুজনই তলিয়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
পাবনা কাজিরহাট নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।