Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফার্মেসিতে এসে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ০৯:১৬ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১০:৪৮

সাংবাদিকের কাঁধে হনুমান।

যশোর: যশোরের কেশবপুরে ফার্মেসিতে এসে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল বিরল প্রজাতির এক কালোমুখ হনুমান।

সোমবার (৩ আগস্ট) দুপুরে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন আলফা মেডিকেল স্টোরে এ ঘটনাটি ঘটে। হনুমানকে ঘিরে ঘটনাস্থলে ভিড় জমে উৎসুক জনতার।

জানা গেছে, খাদ্যের সন্ধানে বের হওয়া একটি কালোমুখ হনুমান কাঁধে ক্ষত নিয়ে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় এলাকায় আসে। এ সময় ওই আহত হনুমানটি একটি দোকানে প্রবেশ করলে তাকে স্থানীয়রা রুটি খেতে দেয়। পরবর্তীতে এম এ রহমান নামে একজন সাংবাদিকের কাঁধের উপর বসে হনুমানটি হাত দিয়ে তার ক্ষতস্থান দেখায়। তখন হনুমানটিকে পাশের আলফা মেডিকেল স্টোরে নিয়ে যেয়ে কাঁধের ক্ষতস্থানে চিকিৎসা করানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাংবাদিক এম এ রহমান বলেন, ‘আহত কালোমুখ হনুমানটি ত্রিমোহিনী মোড়ের একটি দোকানে আসে। অনেকেই খাবার দিলেও সে খাচ্ছিল না। আমি হনুমানকে একটা রুটি দিয়ে বলি খাও, তোমার চিকিৎসার ব্যবস্থা করবো; সঙ্গে সঙ্গে হনুমানটি আমার ঘাড়ের ওপর উঠে তার কাঁধের ক্ষতস্থান দেখাতে লাগলো। ওই হনুমানকে নিয়ে পাশের ফার্মেসি থেকে ভায়োডিন ওষুধ কিনে তার ক্ষতস্থানে লাগিয়ে দিই। পরে হনুমানটি কিছুটা সুস্থ অনুভব করলে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের কেশবপুরে কালোমুখ হনুমানের জন্য যে খাবার বরাদ্দ আসে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে কারণে এই হনুমানগুলো বিভিন্ন স্থানে ছোটাছুটি করে খাদ্যের সন্ধানে গিয়ে আহত হয়। সরকারিভাবে তাদের জন্য বরাদ্দকৃত খাদ্যের পরিমাণ আরও বাড়ানো গেলে কেশবপুরের ঐতিহ্যবাহী কালোমুখ হনুমান টিকে থাকবে।’

এদিকে আহত কালোমুখ হনুমানকে চিকিৎসায় সহায়তা দেওয়ায় তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর