সিলেট: সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানাধীন কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন।
নিহত যাত্রীদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর শেখের মেয়ে জাইফা (৩)।
বাকি ৭ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
দুর্ঘটনায় দুটি বাসের আহত ২৫ জন যাত্রীর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত ৩ বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আরেক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। তবে, দুর্ঘটনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।