Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১০:৪৮

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বসতঘর, রান্নাঘর, বাথরুম, উঠান, গ্রামীণ সড়ক এমনকি কবরস্থানও পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই গ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্তমানে অনেক পরিবারের ঘরের ভেতর পর্যন্ত পানি উঠে গেছে। রান্নাঘর পানিতে তলিয়ে থাকায় রান্না করতে পারছেন না অনেক পরিবার। কেউ একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন।

বিজ্ঞাপন

জলাবদ্ধতার কারণে বাথরুমও ব্যবহার করা যাচ্ছে না। কোথাও কোথাও সেপটিক ট্যাংকের ময়লা পানির সঙ্গে মিশে পরিবেশ দূষিত হচ্ছে। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এতে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি রাতে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এবং টুঙ্গিপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাটগাতী মধ্যপাড়া গ্রামে প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসবাস। গ্রামটিতে কবরস্থান, মসজিদ, মাদরাসা ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক পরিবারের বসতভিটা পানির নিচে চলে যায়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগলেও এর স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন, লিখিত অভিযোগ ও প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সমস্যার সমাধান হয়নি।

স্থানীয় বাসিন্দা সামসুরনাহার বলেন, ‘আমি অসুস্থ মানুষ। জলাবদ্ধতার কারণে ঘরের ভেতরে পানি উঠে গেছে। এই অবস্থায় রান্না করা, খাওয়া কিংবা বাথরুম ব্যবহার—কোনোটাই স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। আমরা এই দুর্ভোগের স্থায়ী সমাধান চাই।’

একই গ্রামের রফিক শেখ, ইসুব শেখ, নেয়ামত শেখ, শহীদ ফকির, মসিউর শেখ, ফরিদ মোল্লা, শামসুল হক শেখ ও লক্ষণ সাহাসহ একাধিক বাসিন্দা জানান, গ্রামের অধিকাংশ মানুষ এখনো কাঠ বা অন্যান্য জ্বালানি দিয়ে চুলায় রান্না করেন। অনেকের গ্যাস কেনার সামর্থ্য নেই। কিন্তু রান্নাঘর পানিতে তলিয়ে থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক পরিবার একবেলা খেয়ে দিন কাটাচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন।

এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় পানি নিষ্কাশনের নির্দেশ দিয়েছেন। খুব দ্রুত পানি অপসারণের কাজ শুরু করা হবে।’

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম বলেন, ‘টুঙ্গিপাড়া নিচু এলাকা হওয়ায় ভারী বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিষয়টি বিভিন্ন মাধ্যমে এবং সাংবাদিকদের কাছ থেকে জানার পর জরুরি ভিত্তিতে পানি অপসারণের জন্য প্যানেল চেয়ারম্যান ও পৌরসভার প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সারাবাংলা/এনজে