রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে ছুরিকাঘাতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা শরিফুল ইসলাম ওরফে হীরা (৪০) নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। তিনি গোয়ালন্দ কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের প্রচার সম্পাদক এবং গোয়ালন্দের ইজিবাইক স্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কাজ করতেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম ও কামরুল নামে এক ব্যক্তি পরস্পরের বন্ধু ছিলেন। কামরুল গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে গোয়ালন্দ বাজারে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরিফুল। পথে তোরাই মোড় এলাকায় পৌঁছালে কামরুল হঠাৎ ছুরি দিয়ে তাকে আক্রমণ করেন। এতে শরিফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, ‘সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’