Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত রাবি শিক্ষার্থী ইফাদ

রাবি করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১৮:০৩

চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ইফাদ।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ইফাদ প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন। তবে আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই তাকে জীবনের কঠিন লড়াইয়ে নামতে হয়েছে।

চিকিৎসকদের দেওয়া পিইটি-সিটি (PET-CT) ও বায়োপসি রিপোর্ট অনুযায়ী, ইফাদের স্টেজ-৪ (Advanced Metastatic) ফুসফুসের ক্যানসার (Poorly Differentiated Metastatic Adenocarcinoma) শনাক্ত হয়েছে। ক্যানসারটি এরইমধ্যে ফুসফুস থেকে লিভার, শরীরের বিভিন্ন লিম্ফ নোড, হাড়, পেশি ও হৃদপিণ্ডের আবরণ (Pericardium) পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

উন্নত চিকিৎসার জন্য ইফাদকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো ক্যানসার সেন্টারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

পরিবারের প্রত্যাশা ছিল, পড়াশোনা শেষ করে ইফাদ পরিবারের দায়িত্ব নেবেন। কিন্তু সেই সময়েই তিনি মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তার চিকিৎসা অব্যাহত রাখতে কয়েক দফা কেমোথেরাপি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের প্রয়োজন হচ্ছে।

ইফাদের চিকিৎসার ব্যয় বহনে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষার্থীসহ হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্য ও সহপাঠীরা।

ইফাদের সহপাঠী ও একই বিভাগের শিক্ষার্থী আল-আমিন বলেন, ‘ইফাদ অত্যন্ত মেধাবী ও ভালো শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। কিন্তু সম্প্রতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছে। বর্তমানে তার চিকিৎসার ব্যয় বহন করতে পরিবারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাই ইফাদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে আমরা তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছে সহযোগিতা চাইছি। পাশাপাশি বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছি।’

তিনি জানান, ইফাদের চিকিৎসায় সহায়তা পাঠানোর মাধ্যমগুলো হলো—
সোনালী ব্যাংক পিএলসি
হিসাব নম্বর: ৩৬১১১০১০১৪৩৪৩
হিসাবের নাম: ফয়সাল আহমেদ ইফাদ
শাখা: মোগড়াপাড়া, নারায়ণগঞ্জ
রাউটিং নম্বর: ২০০৬৭১০৬৮

বিকাশ: ০১৩২৭১১৭১৫৮ (ইফাদ)
রকেট ও নগদ: ০১৩২৭১১৭১৫৮ (ইফাদ)

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মাজেদ চৌধুরী বলেন, ‘ইফাদ অত্যন্ত ভালো ও মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। তার মতো একজন শিক্ষার্থী অকালেই এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় আমরা সত্যিই মর্মাহত। তার উন্নত চিকিৎসার জন্য বিভাগের সব শিক্ষক মিলে একটি তহবিল গঠনের উদ্যোগ নেব। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কীভাবে তার চিকিৎসার জন্য সহযোগিতা পাওয়া যায়, সে বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর