Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ০৯:৫৫

খুলনা: খুলনার রূপসায় ফখরুল শেখ (৩৩) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগতরাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের এমআরবি ইটভাটার অফিসের এ ঘটনা ঘটে।

বুধবার (১২ আগস্ট) সকালে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দীনের ছেলে এবং সাবেক ছাত্রনেতা ফরহাদ শেখের ছোট ভাই। নিহত ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্বজনরা জানান, ইট ভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে তিনি রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন ফখরুল। আনুমানিক রাত ১টার দিকে দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। রাত ১টা ১১ মিনিটের দিকে ফখরুলের গুলিবিদ্ধ হওয়ার খবর পান তার মেজ ভাই সাবেক ছাত্রনেতা ফরহাদ শেখ। খবর পেয়ে তিনি দ্রুত ইটভাটায় গিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে।

বিজ্ঞাপন

ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে এরইমধ্যে রূপসা থানা পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।