Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৪:১৭

বক্তব্য দিচ্ছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

ঢাকা: তরুণ সমাজকে শিক্ষিত ও দক্ষ করে তুলতে পারলে তারা কেবল দেশের নয়, বরং পুরো পৃথিবীর সম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন-এর আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যা কেবল ধারণায় সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে সমাজের সকল মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে হবে এবং সকলকে উদ্যোক্তা হতে হবে।’

বিজ্ঞাপন

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে এবং যাদের ব্যবসা শুরু করার আর্থিক সামর্থ্য নেই, তাদের সিড মানি দেওয়া হচ্ছে। এ ছাড়া তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে বাজেটে ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্ট-আপ ফান্ড রাখা হয়েছে।’

অনুষ্ঠানে অন্যান্য আলোচকরা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন ও নেটওয়ার্কিং বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং পরিবর্তনের রূপকার হিসেবে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন-এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর