নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া তিনটি ট্রলারের মধ্যে দু’টি সম্পূর্ণ তলিয়ে গেছে। অপর একটি ট্রলার এখনো ভাসমান রয়েছে। ট্রলারগুলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির।
জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, ‘সকালে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ে। এতে নিঝুমদ্বীপের কাছাকাছি তিনটি ট্রলার দুর্ঘটনায় পড়ে। পরে কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের মাঝিরা তীরে চলে আসেন।’
নিশান চৌধুরী আরও জানান, ‘সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘বৈরী আবহাওয়ায় ট্রলারডুবির ঘটনাটি শুনেছি। সবাই জীবিত উদ্ধার হয়েছে বলেও স্থানীয়রা নিশ্চিত করেছেন।’