রংপুর: নগরীর তাজহাট আনসারীর মোড় এলাকার একটি রিকশা গ্যারেজের ভেতর থেকে আব্দুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গ্যারেজের তালা কেটে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান ওই রিকশা গ্যারেজের মালিক এবং তিনি গ্যারেজেই থাকতেন বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় ও পরিবারের সদস্যরা গ্যারেজের শাটারে বাইরে থেকে তালা দেওয়া দেখতে পান। এসময় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে শাটারের ছিদ্র দিয়ে উঁকি দিয়ে তারা মেঝেতে আব্দুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।
স্থানীয়দের ধারণা, একাধিক বিয়ে নিয়ে পারিবারিক কলহ অথবা তার গ্যারেজে গচ্ছিত টাকা লুটের উদ্দেশ্যেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত আব্দুর রহমান প্রথম ও দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর আরও তিনটি বিয়ে করেন। সন্তানদের সঙ্গে তার সর্বশেষ স্ত্রীকে নিয়ে বিরোধ ছিল এবং প্রথম স্ত্রীর ছেলেরা তাকে শেষ স্ত্রীকে তালাক দিতে বাধ্য করেন বলে জানা গেছে।
প্রতিবেশী হিরু মিয়া জানান, রাত ১২টার দিকে তিনি বাড়ি ফেরার সময় শাটার নামানো ছিল এবং রাতে তিনি কোনো শব্দও শুনতে পাননি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ‘সেলাই রেঞ্চ’ উদ্ধার করেছে। পিবিআই ও মহানগর গোয়েন্দা পুলিশও ঘটনাস্থলে কাজ করছে।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আলমারির যে অংশে টাকা-পয়সা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা হতো, সেটি ভাঙা হয়েছে। যা থেকে বোঝা যায় নিহতের পরিচিত কেউ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বিকেল পৌনে ৪টার দিকে আব্দুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।