রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দুর্যোগ ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬তলা আইসোলেশন ওয়ার্ডের দ্বার উন্মোচন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, হাসপাতালটিকে পূর্ণাঙ্গ ১০০০ শয্যাবিশিষ্ট আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি জনবল সংকট নিরসন, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামাদি সরবরাহ এবং বহির্বিভাগ ও আন্তঃবিভাগে সেবার মানোন্নয়নের মাধ্যমে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা হবে।
এছাড়া, সম্প্রতি মন্ত্রী হাসপাতাল পরিদর্শনকালে আইসিইউতে আরও ১০ শয্যা সংযোজন, কেবিনে রোগীর সঙ্গে একজন সহায়কের পৃথক বসার ব্যবস্থা এবং অ্যানেস্থেশিয়া সংকট নিরসনে ২৪ ঘণ্টা অপারেশন কার্যক্রম চালুর উদ্যোগের কথাও জানান ।
শুধু অবকাঠামো নয়, হাসপাতালকে দালালমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। মরদেহ পরিবহনে সিন্ডিকেট দূর করতে অ্যাম্বুলেন্সের তালিকা ও কিলোমিটারভিত্তিক ভাড়া নির্ধারণ এবং বিলভুক্ত অর্থ দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলোক ব্যবস্থা, নতুন প্রবেশপথ নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে রংপুর সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ স্থানীয় বিএনপি ও চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের ২ কোটিরও বেশি মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান কেন্দ্র। সাম্প্রতিক বছরগুলোতে এখানে জনবল সংকট ও অবকাঠামোগত জটিলতা নিয়ে রোগীদের নানা ভোগান্তির কথা উঠে এসেছে। মন্ত্রীর আজকের ঘোষণায় সেই সমস্যা সমাধানের আশা তৈরি হয়েছে।