Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে আগুনে পাটের গুদাম, তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১২:৩৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১৪:২৫

আগুনে ক্ষতিগ্রস্ত পাটের গুদাম।

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে তেলের মিল, পাটের গুদামসহ প্রায় ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে বহরপুর বাজারের বাসস্ট্যান্ড-সংলগ্ন মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিলে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গুদাম, মিল্টন মোল্লার পাটের ঘর, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং সুমনের ওষুধের দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি), বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন লস্কর বলেন, ‘আমরা রাত ৩টা ৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে সোয়া ৩টার দিকে পৌঁছাই। আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’

উল্লেখ্য, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর