Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৮:০৫

গ্রেফতার। প্রতীকী ছবি।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসবের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

বুধবার (১৯ আগস্ট) ভোররাত ৩টার দিকে শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ আজ বুধবার দুপুরে তার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে এসব মালামালসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। ভোররাতের দিকে সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিতে তল্লাশি চালানো হয়।

বিজ্ঞাপন

তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে প্রথমে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালানো হয়। ওই লাগেজের ভেতর থেকে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহণে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকব্যবসার সঙ্গে জড়িত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

গ্রেফতার মাদকব্যবসায়ী উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পাঁচটিরও বেশি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর