Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোয়ালন্দে সার বিক্রিতে অনিয়ম, ৪০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ২৩:০৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ২৩:১২

গোয়ালন্দে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী: জেলার গোয়ালন্দে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে গোয়ালন্দ বাজারে খন্দকার ফারুক হোসেনের বিসিআইসি সার ডিলার পয়েন্টে এ অভিযান চালানো হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার নীতিমালা অনুযায়ী ডিলারের নিজস্ব অভিক্ষেত্রের কৃষকদের মধ্যে সার বিক্রির কথা। কিন্তু খন্দকার ফারুক হোসেনের প্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক ডিলার’ নির্ধারিত এলাকার বাইরে গিয়ে খানখানাপুর এলাকায় সার বিক্রি করে। অভিযানে বিষয়টি ধরা পড়লে প্রতিষ্ঠানটিকে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪৫ ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। অভিযানকালে জব্দ করা সার শর্তসাপেক্ষে নির্ধারিত এলাকার কৃষকদের মধ্যে বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, ‘সারের সংকটকালে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নির্ধারিত এলাকার বাইরে সার স্থানান্তরের সময় ওই ডিলারকে হাতেনাতে পাওয়া যায়।’

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, ‘সার নীতিমালা অনুযায়ী দৌলতদিয়া এলাকার কৃষকদের মধ্যে সার বিতরণ ও বিক্রি করার কথা ছিল ওই ডিলারের। কিন্তু তিনি নির্ধারিত এলাকার বাইরে গিয়ে খানখানাপুরে সার বিক্রি করেছেন, যা আইনবহির্ভূত। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর সার বিক্রিতে অনিয়ম ও পাচারের অভিযোগে একই ডিলার খন্দকার ফারুক হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।