খুলনা: খুলনার লবণচরায় জোড়া খুনের ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আল আমিন হাসান ওরফে সাইফি (২১) এবং তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিব (১৭)।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৯ আগস্ট খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকার আশিবিঘা নামক স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’টি হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. মঞ্জুরুল ইসলাম (২৩) ও মো. নাজমুল (১৮)। তাদের গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
র্যাব-৬ অধিনায়ক বলেন, ‘ঘটনার পরপরই র্যাবের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত বিভিন্ন আলামত সংগ্রহের পর ছায়া তদন্ত শুরু করা হয়।’
তিনি বলেন, ‘তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী আল আমিন হাসান সাইফি এবং তার সন্ত্রাসী দলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার (২১ আগস্ট) গোপালগঞ্জ সদর থানাধীন মাঝিগাতী রাজার এলাকা থেকে সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফি এবং রাকিব এ হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। অভিযুক্ত সাইফির বর্ণানুযায়ী, ভুক্তভোগী নাজমুল সাইফি গ্রুপের সদস্য এবং অভিযুক্ত সাইফি বি কোম্পানীর মতাদর্শে বিশ্বাসী। তিনি অপর শীর্ষ সন্ত্রাসী কাউয়া মিরাজের হয়ে কাজ করেন। অন্যদিকে, মঞ্জুরুল সন্ত্রাসী রোহান-পলাশ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে সাইফি অবগত করেন।’
এ ছাড়াও তিনি বলেন, ‘অভিযুক্ত সাইফির স্বীকারোক্তি অনুযায়ী, তার দলের সদস্য নাজমুলকে সন্ত্রাসী রফিক আটক করে ভিডিও কলে রেখে ভিকটিম নাজমুলকে কোপ দেয় এবং অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে তাদের দেখিয়ে কল কেটে দেয়। এর প্রেক্ষিতে সাইফি ও তার দলের ১৫-১৬ জন সদস্য প্রতিশোধমূলক মনোভাব নিয়ে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে আশিবিঘা এলাকায় যান। এ সময় মঞ্জুরুলকে সামনে পেয়ে গুলি এবং কুপিয়ে হত্যা করে। কয়েক ঘণ্টা পরেই গুলিবিদ্ধ ও কোপানো অবস্থায় নাজমুলের লাশ উদ্ধার করা হয়। এ জোড়া হত্যাকাণ্ডে একটি শর্টগান, একটি পিস্তল ও তিনটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।’
র্যাব জানায়, সন্ত্রাসী সাইফির বিরুদ্ধে হত্যা ও মাদকসহ চারটি মামলা রয়েছে। তিনি দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার ইসমাইল হত্যা মামলারও আসামি।