Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ২৩:২৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ২৩:৩৫

গ্রামের বাড়িতে অভিনেতা ফজলুর রহমান বাবু।

ফরিদপুর: অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়িটির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তার সহ বাইরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অভিনেতা। তার গ্রামের বাড়ী ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে।

অভিনেতা ফজলুর রহমান বাবু জানান, ঢাকায় বসবাস করলেও তিনি প্রায় ফরিদপুরের গ্রামের বাড়িতে আসেন। সোমবার (২৪ আগস্ট) রাতে তিনি ফরিদপুরের ওই বাড়িতে এসে বিদ্যুৎ না থাকার বিষয়টি দেখতে পান। পরে বাইরে গিয়ে বিদ্যুতের মেইন লাইনের তার কাটা অবস্থায় দেখতে পান। এরপর বাড়ির ছাদে গিয়ে এসির তারও পাওয়া যায়নি। এছাড়া বাড়ির বাইরে রাখা আরও বেশ কিছু মালামাল চুরি হয়েছে বলে জানান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মাসে সাধারণত এক-দুইবার সেখানে যাওয়া হয়। সর্বশেষ ২০ থেকে ২৫ দিন আগে তিনি বাড়িতে এসেছিলেন এবং দুই দিন অবস্থান করে ঢাকায় ফিরে যান। কিন্তু সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

স্থানীয় মাদকসেবিদের চুরির ঘটনায় দায়ী করে অভিনেতা বলেন, তার বাড়ির পাশাপাশি আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে জেনেছেন। তার অভিযোগ, মাদক কেনার টাকা জোগাড় করতে স্থানীয় মাদকসেবিদের একটি অংশ বিভিন্ন বাড়িতে চুরি করছে। এ পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে বিদ্যুতের তার চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর