ঢাকা: কক্সবাজারের টেকনাফে পৃথক দু্ইটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ২৫ লাখ টাকার ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ-সংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে আজ বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টায় ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলা ও ১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।’
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, ‘এ ছাড়া কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং কর্তৃক মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।