নওগাঁ: জেলার ধামইরহাট উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন আত্রাই নদীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিশুর একজন উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং অপরজন দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পরিবারের অজান্তেই বাড়ির কাছে আত্রাই নদীতে মাছ ধরার উদ্দেশে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছের খোঁজে নামতেই পানিতে তলিয়ে যায় তারা। সাঁতার না জানায় পানির স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, ‘নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছ।’