গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে মো. আবু সালেম নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আবু সালেম উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে কলাবাগানের একটি গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্কুলশিক্ষক মো. আবু সালেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।