সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া আদর্শ গ্রাম এলাকায় দা দিয়ে কুপিয়ে জখমের দুইদিন পর নজরুল ইসলাম নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শফি নামের এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে ওই রিকশাচালককে কুপিয়ে জখম করার এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহত নজরুল ইসলাম ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার সময় নুর ইসলামের চা-দোকানের কাছে পৌঁছালে চর পাইকপাড়া গ্রামের শফি তাকে দা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হন নজরুল।
পরিবারের দাবি, আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয় মাতবর আলতাফ ও গুটু শিকদার বাধা দেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। পরে অবস্থার অবনতি হলে নজরুলের মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত শফির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।