কুষ্টিয়া: কুষ্টিয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগষ্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) ও শনিবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাথুলী, ঠোটারপাড়া, কাজিপুর ও প্রাগপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে মদ, গাঁজা, ডেক্সামেথাসন ও সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ফেয়ারডিল ও এস্কাফ সিরাপ এবং ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।