রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় গলাকাটা মরদেহ উদ্ধারের পর মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম মোখলেসুর রহমান (৫৫), তিনি পেশায় রিকশাচালক।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকায় একটি বটগাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, রিকশাটি ছিনিয়ে নিতেই সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর হত্যার সম্ভাব্য কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোখলেসুর রহমান গঙ্গাচড়া উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, মোখলেসুর রহমান শুক্রবার বিকেলে তার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পুলিশের ধারণা, রাত ৮-১০টার মধ্যে সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে রিকশাটি নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা রাতের অন্ধকারে বটগাছের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।