Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ২১:৪৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ ২১:৪৪

নোয়াখালীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহতরা হাসপাতালে।

নোয়াখালী: সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের ইউনিয়ন কমিটি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলসহ উভয় পক্ষের অন্তত ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন

শনিবার (২৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অশ্বদিয়া ইউনিয়নের দিনমণি বাজার থেকে ইউনিয়ন পরিষদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইজদী-কবিরহাট আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রদল। এতে ইয়াছিন আলমকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল বিন মাহিদকে সদস্যসচিব করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। কারণ, তিনি নবগঠিত কমিটিতে পদ পাননি। এর পর থেকেই তাঁর অনুসারীরা এ কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন।

বিজ্ঞাপন

এ উত্তেজনার মধ্যেই আজ নবগঠিত কমিটির উদ্যোগে স্থানীয় দিনুমনির হাটের অদূরে ইউনিয়ন পরিষদ কার্যালয় (ইউপি) এলাকায় একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি শুরু হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন।। তাদের জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে আনন্দ মিছিলে অংশ নেওয়া নতুন কমিটির আহ্বায়ক ইয়াছিন আলম, সদস্যসচিব আবদুল্লাহ আল বিন মাহিদ ও যুগ্ম আহ্বায়ক মাসুমুর রহমান বলেন, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের পূর্বঘোষিত শান্তিপূর্ণ আনন্দ মিছিলটি বানচাল করার উদ্দেশ্যেই পদবঞ্চিতরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আজ এই হামলা চালায়। হামলায় তাদের পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা এ ঘটনার বিচার চান।

তবে হামলার এ অভিযোগ অস্বীকার করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি বলেন, যোগ্য লোকদের বাদ দিয়ে নিজেদের পছন্দমতো লোককে কমিটিতে পদ দেওয়া হয়েছে। তাই তারা অবৈধ কমিটি বাতিলের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। ছাত্রদলের কতিপয় নেতা-কর্মী বহিরাগতদের দিয়ে বিনা উসকানিতে তাঁদের ওপর হামলা করেছে। এতে তাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

তবে কমিটিতে পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেন সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করিম উদ্দিন। তিনি বলেন, কমিটিতে কোনো অনিয়ম হয়নি। পদবঞ্চিত সাবেক কমিটির নেতা মোশাররফ হোসেন বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। কর্মসূচিতে যাওয়ার পথে নতুন কমিটির লোকদের ওপর হামলা করা হয়েছে। প্রশাসনের সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর