Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ০৯:২১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ০৯:২৩

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: সদর উপজেলায় সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় রিয়াদ হোসেন (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রুবেল শিশু রিয়াদকে একটি সুপারি গাছে উঠতে বলে। রিয়াদ গাছে উঠতে অস্বীকৃতি জানালে রুবেল তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আচমকা ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রিয়াদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুবেল মাদকাসক্ত হিসেবে পরিচিত। সুপারি গাছে উঠতে না চাওয়ায় সে রিয়াদকে নির্মমভাবে হত্যা করেছে। এলাকাবাসী ঘাতক রুবেলকে আটকের চেষ্টা চালাচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পেছনে বিস্তারিত কারণ অনুসন্ধান এবং অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।