বরিশাল: ঝালকাঠির নলছিটিতে মুরগিবাহী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. ইমরান (৪০) নামে হেলপার নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ২টার সময় উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত হেলপার ইমরান পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরগিবাহী একটি পিকআপভ্যান বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলে ইমরান মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।