সিরাজগঞ্জ: নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি, অভিজ্ঞতা বিনিময় ও উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা মিলনমেলা ২০২৬’। এতে জেলার শতাধিক উদ্যোক্তার পাশাপাশি ঢাকা থেকে আসা ব্যবসায়ী, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী ‘স্মার্ট ট্যুরিজম ও উদ্যোক্তা সিরাজগঞ্জ’ ফেসবুক গ্রুপের আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও সিরাজগঞ্জ ইনফো ডটকম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, ইনভেস্টমেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা লায়ন এমডি কাওসার এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর মাহমুদ পলাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন।
মিলনমেলায় উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সিরাজগঞ্জের ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সিরাজগঞ্জ ইকোনমিক জোন, কৃষি, শিল্পায়ন ও উদ্যোক্তা উন্নয়নে পারস্পরিক যোগাযোগ কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে মতবিনিময় হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন উদ্যোক্তাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও সিরাজগঞ্জের শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরেন। স্থানীয় অর্থনীতিতে ইকোনমিক জোনের সম্ভাব্য ভূমিকার পাশাপাশি ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ নিয়ে উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেন তিনি।
স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন আগত উদ্যোক্তাদের এবং অতিথিদের ধন্যবাদ জানান মিলনমেলায় অংশগ্রহণের জন্য। এই আয়োজনের ধারা ভবিষ্যতেও জারি থাকবে বলেও জানান তিনি।
চ্যানেল আই অনলাইনের আউটপুট এডিটর ও সিরাজগঞ্জ ইনফোর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল সাফি উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের কার্যকর নেটওয়ার্কিং ও যোগাযোগ তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ঢাকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরি হলে সিরাজগঞ্জের ব্যবসায়িক সম্ভাবনাগুলো আরও দৃশ্যমান হবে।’
চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না সিরাজগঞ্জের যমুনা নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা তুলে ধরে নিজের ভ্রমণ ও পর্যটন বিষয়ে বিনিয়োগের অভিজ্ঞতা জানান। স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে এলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বিনিয়োগকারীরা যমুনা নদীর পর্যটনে আগ্রহী হবেন বলে মন্তব্য করেন তিনি।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর মাহমুদ পলাশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং চেম্বারের সদস্য হওয়ার সুযোগ নিয়ে আলোচনা করেন। ইনভেস্টমেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা লায়ন এমডি কাওসার ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক বিশ্বাস তৈরির বিষয়ে পরামর্শ দেন। ভবিষ্যতে সিরাজগঞ্জের উদ্যোক্তাদের নিয়ে কাজ করার আশ্বাসও দেন তিনি।
প্রযুক্তি ও ব্যাংকিং সেবার সমন্বয়ে তৈরি বিভিন্ন সেবা নিয়ে কথা বলেন এডলজির দুই প্রতিষ্ঠাতা আরিফুর রহমান ও মিজানুর রহমান সোহেল। তারা সিরাজগঞ্জের উদ্যোক্তাদের বিশেষ মূল্যে এসব সেবা দেওয়ার কথা জানান।
সারাবাংলার নিউজ এডিটর ও ‘সমধারা’র সাধারণ সম্পাদক প্রতীক মাহমুদ উদ্যোক্তাদের সফলতা ও ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরতে উন্নয়নমুখী প্রতিবেদন ও গণযোগাযোগের ওপর গুরুত্ব দেন। সোলার ব্যবসায়ী রাবাহ আল কায়েস শুভ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিকল্প বিদ্যুতের কথা জানান। এ বিষয়ে তিনি উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিক নাজমুল ইসলাম এসএমই ঋণ ও উদ্যোক্তাদের প্রচারে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া ভিলেজ ভিশনের শরীফ খন্দকার, তরুণ ব্যবসায়ী জিল্লুর তালুকদার, চরকৃষি গবেষক সাইফুল ইসলামসহ স্থানীয় কয়েকজন উদ্যোক্তা বক্তব্য দেন।
আয়োজনে সিরাজগঞ্জ ইনফো ডটকমের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন উদ্যোক্তা ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- কৃষিতে টুক্কু মোক্তার, পর্যটনে মো. আসলাম উদ্দিন, নারী উদ্যোক্তা হিসেবে ইফফাত সোলায়মান, শিক্ষা ও সামাজিক ব্যবসায় মো. শাহীন রেজা অপূর্ব, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মো. আবুল হোসেন এবং ইনোভেশনে ‘চরকৃষি দল’।
দিনব্যাপী আয়োজনে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক সেমিনার, যমুনায় নেটওয়ার্কিং ক্রুজ, ইকোপার্ক ভিজিট, ক্রীড়া প্রতিযোগিতা, স্মার্ট ট্যুরিজমের পক্ষ থেকে বিশেষ র্যাফেল ড্র, কেক কাটা ও মধ্যাহ্নভোজের আয়োজন ছিল। উন্মুক্ত মতবিনিময় ও ফটোসেশনের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।