Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্রি চিকিৎসা ও ওষুধ পেল উপকূলের হাজারো মানুষ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ২২:৫২

বাগেরহাট: সুচিকিৎসায় উপকূলীয় অঞ্চলের হাজার অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। তার ব্যক্তিগত উদ্যোগে বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি।

সোমবার (৩১ আগস্ট) সকাল থেকেই চিকিৎসা সেবা নিতে মোংলার দূর-দূরান্তের গ্রামগুলো থেকে চালনা বন্দর ফাজিল মাদরাসায় ছুটে আসেন শত শত বৃদ্ধ, নারী ও শিশু। অর্থাভাবে যারা দীর্ঘদিন ধরে ভালো ডাক্তার দেখাতে পারছিলেন না কিংবা ওষুধ কিনতে হিমশিম খাচ্ছিলেন, এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তাদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

বিজ্ঞাপন

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম দিনব্যাপী চক্ষু, স্ত্রীরোগ (গাইনি), মেডিসিন ও সাধারণ স্বাস্থ্য সমস্যার সুচিকিৎসা দেন।

সেবা নিতে আসা একাধিক সুবিধাভোগী আবেগপ্লুত হয়ে বলেন, ‘টাকার অভাবে ভালো ডাক্তার দেখানো আমাদের মতো গরীব মানুষের জন্য স্বপ্নের মতো। আজকে বাড়ির কাছে বিনামূল্যে পরীক্ষা, ডাক্তারের পরামর্শ ও ওষুধ পেয়ে আমাদের অনেক উপকার হলো।’

মেডিকেল ক্যাম্প পরিদর্শনের সময় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মহাসচিব ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান বলেন, ‘স্বাস্থ্যসেবা কোনো করুণা নয়, এটি মানুষের মৌলিক মানবাধিকার। উপকূলীয় এলাকার প্রান্তিক মানুষ নানা কারণে মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হন। সেই সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক অনুভূতির জায়গা থেকেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাই আমাদের মূল স্বার্থকতা।’

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিদের এভাবে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো উচিত।

চিকিৎসাসেবা কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত, জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা ক্যাম্প এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং চিকিৎসা নিতে আসা প্রান্তিক মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর