ঢাকা: ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’-এর চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে (৪৪) ট্রেনটির কর্মচারীরা মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ট্রেনটির ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন থেকে একজন নারী কলার কান্নাজড়িত স্বরে জানান তাকে তিনজন মিলে চলন্ত ট্রেনে ধর্ষন করেছে। ৯৯৯ চলন্ত ট্রেনের অবস্থান জেনে ট্রেনের পরবর্তী স্টপেজ পাবনার শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবগত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।’
আনোয়ার সাত্তার বলেন, খবর পেয়ে শান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে। বাকি দুইজনকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যহত আছে। এ সংক্রান্ত একটি মামলা করা হয়েছে।’
তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ভুক্তভোগী নারী ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ভুলবশত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন টিকিট ছাড়া। ট্রেনের রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা বলেন। পরবর্তীতে ট্রেনের ক্যান্টিন বয় এবং আরও দুইজন মিলে সিটে বসানোর কথা বলে তাকে ক্যান্টিন বয়দের রুমে নিয়ে ধর্ষণ করে।’সারাবাংলা/এমএইচ