নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে দুই ব্যক্তি ১৪ বছর বয়সি ভ্যানচালক রেজোয়ানের ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনার পর তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর রেজোয়ানের পাশে দাঁড়িয়েছে সৈয়দপুর উপজেলা প্রশাসন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তার হাতে নতুন একটি ভ্যানসহ পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের একটি বাসায় মালামাল নিয়ে যাওয়ার কথা বলে রেজোয়ানের ভ্যান ভাড়া করেন। পরে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে পৌঁছে তারা রেজোয়ানকে সড়কের অপর পাশে একটি দোকান থেকে পান নিয়ে আসতে বলেন।
রেজোয়ান পান আনতে দোকানে গেলে ফিরে এসে দেখেন, যাত্রীবেশে থাকা ওই দুই ব্যক্তি তার ভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন।
এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও ভ্যানটির সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়ে রেজোয়ান। ছোটো বয়স থেকেই পরিবারের জীবিকার দায়িত্ব কাঁধে নেওয়া এই কিশোরের আয়ের একমাত্র সম্বল হারানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনাটি নজরে আসার পর রেজোয়ান ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। পরিবারের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে তিনি রেজোয়ানকে নতুন ভ্যান দেওয়ার আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেজোয়ানের হাতে নতুন ভ্যান তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবারের চলার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামও দেওয়া হয়।
নতুন ভ্যান পেয়ে স্বস্তি প্রকাশ করেছে রেজোয়ান ও তার পরিবার। পরিবারের আয়ের পথ আবারও সচল হওয়ার আশায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ বিষয়ে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, ‘একজন কিশোরের পরিবারের আয়ের একমাত্র মাধ্যম কেড়ে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। রেজোয়ান যাতে আবারও নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার হাতে নতুন ভ্যান তুলে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রেজোয়ানের পরিবারের অন্যান্য সমস্যার বিষয়েও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’