Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছেলেকে নিয়ে মাদরাসা যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৮

মরদেহ। প্রতীকী ছবি।

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ১২ বছর বয়সি ছেলে আরাবী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে সাদুল্লাপুর উপজেলা সদরে ভাড়া বাসায় থাকতেন তিনি।

আহত আরাবী গোলাম রব্বানীর ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার পর তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছেলেকে মোটরসাইকেলে করে উপজেলা সদরের পশ্চিমপাড়ার একটি মাদরাসায় নিয়ে যাচ্ছিলেন গোলাম রব্বানী। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে সড়কে ছিটকে পড়েন। পরে বাসটির একটি চাকা গোলাম রব্বানীর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার ছেলে আরাবী।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘাতক বাসটিও আটক করা হয়েছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর