Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুরে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে চলছে দূরপাল্লার বাস ধর্মঘট।

জামালপুর: জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় দুটি বাস ভাঙচুর এবং পরিবহনশ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘট শুরু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত থেকে কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

ধর্মঘটের কারণে জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা এবং জামালপুর-টাঙ্গাইল হয়ে ঢাকার পথে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে।

পরিবহনের চালকরা জানান, বুধবার দুপুরে সদর উপজেলার নান্দিনায় রাজিব পরিবহনের দুটি বাস আটকিয়ে ড্রাইভার- হেল্পারকে মারধর এবং গাড়ি ভাংচুর করা হয়েছে। যারা এসব করেছে তাদেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

জামালপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ জানান, বুধবার নান্দিনা বাজারে রাজিব পরিবহন বন্ধের দাবিতে স্থানীয় ছাত্রজনতার ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচি চলাকালে রাজিব পরিবহনের দুটি বাস ভাঙচুর করা হয়। এসময় বাসচালক এবং তার সহযোগীকে মারধর করে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে চালকরা বাস না চালানোর সিদ্ধান্ত নেয়।

এর আগেও গাড়িতে আগুন দেওয়া এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকরা।

এদিকে, হঠাৎ বাস ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বর্তমান সভাপতি রফিকুল ইসলাম জানান, শ্রমিকদের কর্মবিরতি সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে মালিক সমিতিও।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, বাস শ্রমিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর