ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের মধুখালীর শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পূর্বাশা পরিবহনের সুপারভাইজার মো. জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, ময়দাবোঝাই ট্রাকটি শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ এর একটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি রাস্তার ওপরেই পার্কিং করে রাখেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী যাওয়া পূর্বাশা পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
আবদুস সালাম আরও জানান, ধাক্কা লাগার সময় বাসের সুপারভাইজার বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।