বরিশাল: পারিবারিক কলহের জেরে ঝালকাঠির কাঠালিয়ায় দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে স্বামী খায়রুল ইসলাম পলাশের (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ আউড়া গ্রামে লিজার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পলাশ পেশায় ওষুধ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে। কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী লিজার বাবার বাড়িতে এসে বসবাস শুরু করেন তিনি। সেখানে একটি ফার্মেসিও চালু করেন পলাশ। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পলাশকে উদ্ধার করে প্রথমে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ঘটনার পর পলাশের স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।