হিলি: ব্যবসায়িক জটিলতার কারণে টানা কয়েকদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারত থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, গত ৩০ আগস্ট থেকে ব্যবসা সংক্রান্ত জটিলতার কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে সংশ্লিষ্টদের উদ্যোগে সেই জটিলতার সমাধান হওয়ায় শনিবার থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম যথারীতি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের দক্ষিণ দিনাজপুর হিলি রফতানিকারক ও কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সচিব বিকাশ সি.এইচ. মন্ডল স্বাক্ষরিত চিঠিতে বাণিজ্যিক স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এ সিদ্ধান্ত মেনে নিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন বলেন, ‘ব্যবসা সংক্রান্ত যে জটিলতার কারণে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল, সেটি সমাধান হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে চিঠির মাধ্যমে আগামীকাল শনিবার থেকে কার্যক্রম চালুর বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, শনিবার থেকেই হিলি স্থলবন্দরে স্বাভাবিকভাবে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় চালুর খবরে ব্যবসায়ী, আমদানিকারক-রফতানিকারক ও সংশ্লিষ্ট শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।