Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংবাদ সংগ্রহের সময় মাছরাঙা টিভির সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

ছড়িয়ে পড়া ভিডিওর স্থিরচিত্র।

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী ঝাউদিয়া শাহী মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা রিপোর্টার খন্দকার আহসান হাবিবকে লাঞ্ছিত করা ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত গ্রাম-পুলিশ সদস্যদের বিরুদ্ধে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝাউদিয়া শাহী মসজিদের দান-মানতের অর্থ, পশু-পাখি এবং শিশুদের মুখে ভাত দেওয়ার নামে অর্থ সংগ্রহসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য যাচাই করতে সেখানে যান সাংবাদিক খন্দকার আহসান হাবিব। এ সময় তিনি ভিডিও ধারণ শুরু করলে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন গ্রাম-পুলিশ সদস্য তাকে বাধা দেন। একপর্যায়ে তারা সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

সাংবাদিক খন্দকার আহসান হাবিবের অভিযোগ, নির্দিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে মসজিদের জন্য মুরগি সংগ্রহ করে তুলনামূলক কম দামে আবার তাদের কাছেই বিক্রি করা, ২০০ টাকার কম দান গ্রহণ না করা এবং সংগৃহীত অর্থের নিয়ন্ত্রণ ও হিসাব-নিকাশ নিয়ে তথ্য সংগ্রহ করছিলেন তিনি। এসব বিষয়ে জানতে ও ভিডিও ধারণ করতে গেলে তাকে লাঞ্ছিত করা হয় বলে তিনি দাবি করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কুষ্টিয়াজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরাও।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ বলেন, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর