সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দুইদিন পর সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজার-সংলগ্ন একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আব্দুল মোমিন সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালতে হাজিরা দিতে কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে আব্দুল মোমিনকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় নেওয়া হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা এক আসামির হাতকড়া খোলার সময় সুযোগ নিয়ে মোমিন হঠাৎ হাজতখানার গেটের কাছে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যান।
পরে তিনি আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।
দুদিন ধরে অভিযান চালানোর পর শনিবার দুপুরে ছাতিয়ানতলি বাজারের পাশের একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।