গাইবান্ধা: জেলার সাঘাটায় বিলে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বোনারপাড়ার তেলিয়ন বিলে এ ঘটনা ঘটে।
মইনুল ইসলাম (৩৫) ওই ইউনিয়নের শিমুলতাইড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল স্বপন বিষয়টি নিশ্চিত করেন।
চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, মইনুল ইসলাম ও তার ছেলে ১০ বছরের ছেলে মাহিদ-সহ কয়েকজন উপজেলার তেলিয়ন বিলে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার একপর্যায়ে শিশু মাহিদ পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য বাবা মইনুল ইসলাম পানিতে নামলে একপর্যায়ে তিনিও পানিতে নিখোঁজ হন।
খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাহিদকে জীবিত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দীর্ঘ চেষ্টার পর মইনুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, অভিযানে শিশু মাহিদকে জীবিত এবং তার বাবা মইনুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাহিদকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।