টাঙ্গাইল: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।’
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলা ভাষার পাশাপাশি তরুণ যুবকদের ইংরেজি, চাইনিজ ও জাপানি ভাষা শিখতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মীর চাহিদা ব্যাপক। তাদের ভাষা শেখার জন্য এবং সংস্কৃতি চর্চা আরও গতিশীল করার জন্য কালচারাল সেন্টার করা হবে। কয়েক মাসের মধ্যেই এআই ও ফ্রিল্যান্সিং শিক্ষাকেন্দ্র করা হবে, যাতে করে মধুপুরের মানুষ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।’
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। আমাদের অভিভাবকরা ভালো নেই। যেখানেই মাদককারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে তাদের ধরে ধরে ১ থেকে ২ বছরের জেল দিয়ে দেবেন।’
এ ছাড়াও তিনি বলেন, ‘বর্তমান তারেক রহমানের সরকার মাদক থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছেন। তরুণদের কর্মমুখী করার জন্য সারাদেশেই এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।’
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং অ্যাকাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, খন্দকার মোতালিব হোসেন, খুররম খান ইউসুফজিসহ আরও অনেকেই।