রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া ৩ বছরের শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ছেলে ইভান (৩) গুরুতর আহত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, মনিরা খাতুনের বাড়ি রেললাইনের পাশেই। দুপুরে ছেলে ইভান বাড়ি থেকে বের হয়ে হাতে একটি ছোট ছাতা নিয়ে রেললাইনের ওপর বসে ছিল। এমন সময় ট্রেন আসার শব্দ শুনে মা মনিরা খাতুন সন্তানকে বাঁচাতে দ্রুত রেললাইনে ছুটে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত ইভানকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ চন্দ্র সরকার জানান, দুর্ঘটনায় শিশুটির একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।