Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৫

নিহতের মরদেহ দেশে ফিরলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।

সাতক্ষীরা: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়ার শুভ দাসের (২৩) মরদেহ দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে পৌঁছেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ নিজ গ্রাম কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুরে পৌঁছায়।

শুভ দাস শ্রীপতিপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক সুরঞ্জন দাস ও ধানচাতাল শ্রমিক শিখা দাসের মেজো ছেলে।

গত ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কলারোয়ার শুভ দাস, সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ।

বিজ্ঞাপন

এর মধ্যে শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ গত ২৭ জুন দেশে আনা সম্ভব হলেও প্রশাসনিক জটিলতায় শুভ দাসের মরদেহ আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে তার মরদেহ নিজ মাতৃভূমিতে পৌঁছালো।

তার স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে পরিবারের অভাব-অনটন দূর করতে জমি ও গবাদিপশু বিক্রি এবং ধারদেনা করে শুভকে লেবাননে পাঠায় তার পরিবার। চার ভাই-বোনের মধ্যে শুভ ছিলেন মেজো। পরিবারের স্বপ্ন ও বাবা-মায়ের কষ্ট দূর করার প্রত্যাশা নিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি।। ভাগ্য বদলের সেই স্বপ্ন তছনছ করে দেয় ইসরায়েলের ড্রোন হামলা।

শুভ দাসের মৃত্যুতে শ্রীপতিপুর গ্রামে এখন শুধু কান্নার রোল। ধারদেনা পরিশোধের চিন্তা আর উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় অফিসের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার চেক গতকাল রাতেই দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ ও কয়েকমাস পর জীবন বীমার আরও ১০ লাখ টাকা অনুদান পাবেন।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, শুভর পরিবারকে লাশ বহনের জন্য ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মারা যাওয়ার কারণে ৫০ হাজার টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

সারাবাংলা/ এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর