Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিল্প-বাণিজ্য মেলায় মাত্র ১০ টাকায় স্টল পেলেন গাইবান্ধার ক্ষুদ্র উদ্যোক্তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৩

স্টল বরাদ্দ পাওয়া একজন উদ্যোক্তা।

গাইবান্ধা: গাইবান্ধায় শিল্প ও বাণিজ্যের প্রসার এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের পাশাপাশি গাইবান্ধার ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ করে দিতে মাত্র ১০ টাকায় স্টল বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর গাইবান্ধা পৌর শহরের বাংলা বাজারের ম্যাজিস্ট্রেট কলোনি মাঠে এ মেলার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। মাসব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত ও বাজারজাতকৃত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।

বিজ্ঞাপন

বিশেষ করে গাইবান্ধার ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য মেলাটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাত্র ১০ টাকায় স্টল বরাদ্দ পাওয়ায় স্বল্প পুঁজির উদ্যোক্তারাও তাঁদের পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরতে পারবেন। এতে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়ার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি এবং উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

মেলায় গাইবান্ধার বিভিন্ন এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকবে বলে জানা গেছে। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা নতুন ব্যবসায়িক যোগাযোগ ও বাজার সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবেন।

মেলায় অংশগ্রহণের সুযোগ পাওয়া সাফওয়ান ন্যাচার গ্রো ফার্মিং-এর উদ্যোক্তা সিফতান আহমেদ বলেন, ‘আমাদের মতো ছোট উদ্যোক্তাদের জন্য নিজের পণ্য মানুষের কাছে পরিচিত করা এবং নতুন ক্রেতা তৈরি করা বেশ কঠিন। এ ধরনের মেলায় অংশ নেওয়ার সুযোগ পেলে সরাসরি ক্রেতাদের কাছে পণ্য তুলে ধরার পাশাপাশি ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হয়। মাত্র ১০ টাকায় স্টল বরাদ্দ দেওয়ার উদ্যোগটি আমাদের জন্য খুবই সহায়ক। আশা করছি, মেলার মাধ্যমে আমাদের পণ্যের পরিচিতি বাড়বে এবং ভবিষ্যতে আরও বড় বাজারে যাওয়ার সুযোগ তৈরি হবে।’

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সামিউল হুদা সুমেল বলেন, ‘গাইবান্ধায় অনেক ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা রয়েছেন, যারা নিজেদের উদ্যোগে মানসম্মত বিভিন্ন পণ্য উৎপাদন করছেন। শিল্প-বাণিজ্য মেলায় মাত্র ১০ টাকায় স্টল বরাদ্দের উদ্যোগ নিয়েছি মূলত এটি একটি প্রতিকী মূল্য। আমরা আশা করছি, এই মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি ও বাজার দুটোই সম্প্রসারিত হবে এবং গাইবান্ধার শিল্প ও বাণিজ্যের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর