Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট বিভাগের উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: আরিফুল হক চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২০:০০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২১:১৩

জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী’র আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

ঢাকা: সিলেট বিভাগের উন্নয়ন নিয়ে চলমান ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী’র আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘গত ১৬ বছরে সিলেটে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। ঢাকা-সিলেট ছয় লেনের নির্মাণাধীন সড়ক এখন সিলেটের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত রেললাইন আজও সংস্কার হয়নি। পুরোনো লাইন ও লক্কড়ঝক্কড় বগিতে দুর্ঘটনা ঘটছে বারবার। নতুন রেললাইন ও ট্রেন চালুর ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। সিলেটের বিমানভাড়াও প্রতিনিয়ত বাড়ছে। নানা দিক থেকেই সিলেট বঞ্চিত।’

বিজ্ঞাপন

আরিফুল হক বলেন, ‘সরকারের কাছে আমরা স্পষ্ট জবাব চাই— ঢাকা-সিলেট ছয় লেন সড়কের কাজ কবে শেষ হবে? রেললাইন সংস্কার ও নতুন ট্রেন চালুর তারিখ কবে? যদি ১৫ দিনের মধ্যে আমাদের দাবির কোনো সুরাহা না হয়, তবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। সিলেটের উন্নয়ন নিয়ে আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি. এম. কয়েস সামীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন এবং সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেট বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী রাখছে। তবুও উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত অঞ্চল এটি। সড়ক, রেল ও আকাশপথে সিলেট অবহেলিত। যদি দ্রুত কাজ সম্পন্ন না হয়, এই আন্দোলন পুরো সিলেটজুড়ে ছড়িয়ে পড়বে।’

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, ‘যদি অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেসসহ ট্রেনে নতুন বগি সংযোজন না করা হয়, তাহলে ১ নভেম্বর থেকে আমরা সিলেটজুড়ে ট্রেন অবরোধ করব। কঠোর আন্দোলন ছাড়া দাবি আদায় সম্ভব নয়।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সারাদেশে উন্নয়নের জোয়ার বইলেও সিলেট অবহেলিত। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন তালিকায়ও সিলেট নেই। যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়িত না হয়, সিলেটিরা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানো বন্ধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবেদ রাজা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আকরব হোসেন মঞ্জু, প্রবীণ আইনজীবী তবারক হোসেন, দৈনিক দেশবার্তার সম্পাদক কাজী তোফায়েল আহমদ, সিবিসাসের সভাপতি আবুল কালাম, জামায়াতে ইসলামী পল্টন শাখার আমির শাহীন আহমদ খান, সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সোহেলসহ সিলেটের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সারাবাংলা/ইএইচটি/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর