Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতিরঝিলে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে গৃহকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২৩:৫৩ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২৩:৫৪

ঢাকা: রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় ঝড়-বৃষ্টির সময় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে মধুবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামে। তার স্বামী সাইফুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। ৫ সন্তানের জননী রাশেদা মধুবাগের রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকতেন।

মৃতের দেবর সাখাওয়াত হোসেন জানান, রাশেদা বেগম মধুবাগ এলাকায় বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। রাতে কাজ শেষে ঝড়-বৃষ্টির মধ্যে বাসায় ফেরার সময় একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ ঝড়ো বাতাসে ভবনের ওপর থেকে একটি দেয়ালের ইট ধসে সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই