Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাবার পর চলে গেল ৩ সন্তানও

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৫:৩৮ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:২১

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় বাবার পর একে একে মারা গেল তিন ভাইবোন। হাসপাতালে এখন মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের মা সালমা আক্তার।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুন্না (১২) আর দুপুর পৌনে ১টার দিকে মারা যায় মুন্নি (৭)।

এর আগে, বুধবার তাদের বোন কথা (৪) ও সোমবার মারা যান তাদের বাবা আবুল কালাম (৩৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুন্নার শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ ও মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মা সালমা আক্তার ৬০ শতাংশ দগ্ধ নিয়ে এখনও ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

এর আগে, গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা মো. আবুল কালাম (৩৫), তার স্ত্রী সালমা আক্তার (৩২)। তাদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, রোববার সকাল ৭টার দিকে ওই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

মুন্নির চাচা মো. রাজীব জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বালুকদিয়ে গ্রামে। ওইদিন তার ভাই সবজি বিক্রেতা আবুল কালাম আড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খাবার খাওয়ার জন্য নিজেই আগের দিনের রান্না করা তরকারি গ্যাসের চুলায় গরম করতে যান। রান্নাঘরে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়। তাদের ধারণা, গ্যাস লিকেজের কারণে রান্না ঘরে গ্যাস জমে ছিল।

সারাবাংলা/এসএসআর/ইআ