Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথের পরিকল্পনা, গ্রেফতার ৩২

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৬:১৫ | আপডেট: ২২ মে ২০২৬ ২১:২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ও আশেপাশের এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা কালে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই মিছিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

শুক্রবার (২২ মে) ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডি-৩২ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলের চেষ্টা কালে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। নিষিদ্ধ সংগঠনের অপচেষ্টা প্রতিরোধে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে ৬ জন এবং জুমার নামাজের পর দুপুর ২টার দিকে ধানমন্ডি ৩২ আশপাশ এলাকা থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, শুক্রবার ভোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ সভাপতির নেতৃত্বে একদল নেতাকর্মী আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেটের সামনের রাস্তায় এসে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল করার জন্য জড়ো হতে থাকে এবং মিছিলের প্রস্তুতি নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দিকবিদিক দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পুলিশ হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করে। আর শুক্রবার জুমার নামাজের পর দুপুরে ধানমন্ডি ৩২ এবং এর আশপাশ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য ঝটিকা মিছিলের প্রস্তুতি নিলে ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মুরাদসহ ২৬ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃতসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিল। আজ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। আটককৃতদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

গ্রেফতাররা হলেন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্র (২৭), আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২), সেলিম প্রধান শ্রাবণ (২০), ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মো. মুরাদ (৪৮), মো. আব্দুল হান্নান বিশ্বাস (২২), মো. মোস্তাক বিশ্বাস (২২), মো. রনি (১৯), মো. জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), মো. সিয়াম হোসেন (১৯), মো. তারিক জামিল (১৯), মো. রাজু (১৯), মো. বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), মো. তামিম মোল্লা (১৮), মো. শিমুল ব্যাপারী (১৮), মো. আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪) ও জাহিদ থান (৩০)।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর